কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাখইল গ্রামের বিল্লাল (৩২) ও এনামুল (৩৫)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরের দিকে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন ও বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কেরামত আলীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হন। আহত হন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তুরস্ক তাতে অভিভূত: ফার্স্ট লেডি এমিন এরদোয়ান








