ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের জলহর গ্রামে ধানের জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আনন্দ কেষ্ট ও নিরঞ্জন রতনের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে নিরঞ্জন রতনের সমর্থক সরজিৎ বিশ্বাস ধানের জমিতে মাছ ধরতে গেলে আনন্দ কেষ্ট তাকে মারধর করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়গ্রুপের লোকজন হাসুয়া, দা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
আহতরা হলেন-ওই গ্রামের বিশ্বজিৎ মণ্ডল, মেঘনাথ মণ্ডল, পরিমল মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, সবুজ মণ্ডল, শিমুল মণ্ডল, গালিব বিশ্বাস, শ্রীপতি বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, সরজিৎ বিশ্বাসসহ ১৫ জন।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ বাংলা ট্রিবিউনকে জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।







