যশোরের শার্শা সীমান্তে হরিণের কস্তূরীসহ জসিম মিয়া (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্টের সদস্যরা। মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী বিজিবি চেকপোস্টোর হাবিলদার নুরুল ইসলাম। আটক জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মালেক মিয়ার ছেলে।
হাবিলদার নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘ওই যাত্রী মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে বাংলাদেশে আসেন।একটি যাত্রীবাহী বাসে করে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর তার ব্যাগ তল্লাশি করে হরিণের কস্তূরী পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জসিম মিয়া পেশায় একজন গ্রাম্য কবিরাজ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়তে পারেন: কাশিমপুরে নিখোঁজের ২৫ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার








