বাংলাদেশের বন উজাড় এবং এর ধ্বংস ঠেকাতে সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের নিয়ে কর্মশালা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বুধবার (১১ অক্টোবর) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশ নিয়েছিলেন, সুন্দরবন নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়ালি, টাইগার টিমসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। এসময় ইউএনডিপির গর্ভরনেন্স সমন্বয়কারী সাঈদ মাহমুদ রিয়াদ জানান, বাংলাদেশের সুন্দরবন উজাড় এবং এর ধ্বংস ঠেকাতে জাতিসংঘ কাজ করছে।
তিনি বলেন, ‘সুন্দরবনের ওপর নানাভাবে যে ধ্বংসযজ্ঞ চলছে, তা ঠেকাতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওয়তায় ইউএন রেড প্রকল্প গবেষণা করে এর কারণ নির্ণয় করছে। পরে তা সরকারের কাছে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হবে।’
ইউএনডিপির এ গর্ভরনেন্স সমন্বয়কারী মনে করেন, সুন্দরবন সুরক্ষায় নীতি ও আইন এ বিষয়ে পরিবর্তন আনা প্রয়োজন। তিনি বনবিভাগের উন্নত প্রশাসন, লোকবল বৃদ্ধি, আধুনিক অস্ত্র এবং নৌযান বৃদ্ধিরও তাগিদ দেন।
অনুষ্ঠিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. সুরাতউজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এবং পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদিজ্জামান।








