‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) যশোর সার্কেলের আয়োজনে দিবসটি পালিত হয়।
রবিবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।
জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনা এড়াতে সকলকে নিয়ম নীতি মেনে গাড়ি চালাতে হবে। পাশাপাশি স্পিড ব্রেকারগুলিতে সাংকেতিক চিহ্নের ব্যবহার ও অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণের ব্যবস্থা করা হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা.আসাদুজ্জামান মুন্সী টনি, সড়ক ও জনপথ অধিদফতর নড়াইলের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, বিআরটিএ যশোর সার্কেল ও নড়াইলের মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম প্রমুখ।








