বাগেরহাটের রামপাল উপজেলার দক্ষিণ সন্নাসী গ্রামে আব্দুল খালেক শেখ (৫৯) নামে প্রতিবন্দী বৃদ্ধকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.জাকারিয়া হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জাহিদ শেখ আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদ শেখ (৩৮) বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসী গ্রামের মোকাম্মেল শেখের ছেলে। বাগেরহাট জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি অ্যাডভোকেট সীতা রাণী দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। জাহিদ সম্পর্কে নিহতের সৎ নাতি।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ‘রামপাল উপজেলার দক্ষিণ সন্নাসী গ্রামের নিহত আব্দুল খালেক শেখ শারীরিক প্রতিবন্ধী ছিলেন।এ কারণে তিনি প্রতি মাসে সরকারি ভাতা পেতেন। প্রায়ই এই ভাতার টাকা তার সৎ নাতি জাহিদ শেখকে দিতে হতো। তিনি ভাতার টাকা দিতে না চাইলে জাহিদ তাকে মারধর করত এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিত।
ভাতার টাকা না দেওয়ায় ও পূর্ব বিরোধের জের ধরে জাহিদ ২০১৪ সালে ৩১ মে সন্ধ্যায় আব্দুল খালেককে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনার পরদিন নিহতের ভাই মো. আলী আকবর শেখ বাদী হয়ে জাহিদ শেখকে আসামি করে রামপাল থানায় একটি হত্যা মামলা করেন। তিন দিন পর পুলিশ জাহিদকে ঢাকা থেকে গ্রেফতার করে। পরে জাহিদ তার দাদাকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। রামপাল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইমারত আলী ওই বছরের ২০ আগস্ট জাহিদ শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। আদালতের বিচারক ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
মামলার বাদী আলী আকবর সাংবাদিকদের বলেন, এই রায়ে তিনি খুশি হয়েছেন। তিনি রায়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
আরও পড়তে পারেন: মুক্তিপণের টাকাসহ আটক ডিবি পুলিশের ৭ সদস্য কারাগারে








