অবৈধ পন্থায় চ্যানেল প্রদর্শন ও পাইরেসির অভিযোগে ঝিনাইদহে ‘বিগস্টার ক্যাবল নেটওয়ার্কের’ কন্ট্রোলরুম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ন্যাশনওয়াইড মিডিয়া বাংলাদেশে পে চ্যানেলসমূহের একমাত্র পরিবেশক। তারা সরকারের নির্দিষ্ট আইন মোতাবেক তথ্য মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন থেকে লাইসেন্স ফি পরিশোধ করে ডিস্ট্রিবিউটর লাইসেন্স গ্রহণ করেছে। কিন্তু ঝিনাইদহের বিগ স্টার ক্যাবল নেটওয়ার্ক অবৈধভাবে চ্যানেল প্রদর্শন ও পাইরেসি করছে এমন অভিযোগের ভিত্তিতে শহরের গীতাঞ্জলী সড়কের অফিসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় অবৈধ ১৯টি পাইরেসি বক্স জব্দ করা হয় এবং কন্ট্রোলরুম সিলগালা করা হয়। বিগ স্টার ক্যাবল নেটওয়ার্ক এর কন্ট্রোলরুম সিলগালা করায় এর গ্রাহকরা কোনও চ্যানেলই দেখতে পারছেন না।








