চুয়াডাঙ্গার দর্শনার হটাৎপাড়ায় মালবাহী ট্রেন ও তেলবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মালবাহী ট্রেনের চালক আক্তারুজ্জামান, সহকারী চালক রাসেল আহম্মেদ ও গার্ড কামরুজ্জামান। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে রেল বিভাগ থেকে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দর্শনা হল্ট রেল স্টেশনের মাস্টার হাফিজুর রহমান জানান, শনিবার (২৫ নভেম্বর) ভোরে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ট্রেনটি শনিবার ভোর ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। আহত হন তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসান, নিরাপত্তা বাহিনীর সদস্য সরোয়ার হোসেন ও মতিউর রহমান। আহতদের প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুপুর ১২ টায় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।







