কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে সিটি কলেজের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ আলী, কনস্টেবল নুরুল আলম, নাজমুল হাসান ও জয়নাল হোসেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি পাইপগান, একটি রামদা, একটি ছুরি, একটি চায়নিজ কুড়াল, শুটারগানের একটি গুলি, পাইপগানের দুটি গুলিসহ বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়।







