সাতক্ষীরার তালা উপজেলা থেকে পাঁচ শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচটি পেট্রোল বোমা, তিনটি ককটেল ও তিনটি জিহাদী বই উদ্ধার করা হয়। বুধবার ভোরে তালা উপজেলার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা তাদের গ্রেফতার করা হয়। সাতক্ষীরার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলার দোহার গ্রামের মোসলেম সরদারের ছেলে ইনামুল সরদার, শাহজাতপুর গ্রামের শাহাজান খানের ছেলে হাবিবুর খান, শুভংকরকাটি গ্রামের রহিম শেখের ছেলে মহাসিন শেখ, শ্রীমন্তকাটি গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে সুজন মোড়ল ও উত্তর নলতা গ্রামের শেখ আসাদুজ্জামানের ছেলে আনোয়ার হোসেন সাগর।
সাতক্ষীরার তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন,‘তালা উপজেলার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার পশ্চিম পাশের একটি টিন শেড ঘরে শিবিরের গোপন বৈঠক চলছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির ক্যাডাররা বোমা নিক্ষেপ করে। এতে তালা থানার একজন এসআইসহ দুই এএসআই আহত হন। তাদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, পাঁচটি পেট্রোল বোমা, তিনটি ককটেল ও তিনটি জিহাদী বইসহ পাঁচ শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি, পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। আহত তিন পুলিশ সদস্যদের মধ্যে এসআই মিজানের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: দুই বোনকে অপহরণ ও ধর্ষণচেষ্টার দায়ে ছয় জনের যাবজ্জীবন








