আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় দেওয়া আগেই বিএনপি রায় দিয়ে দিচ্ছে। শনিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন,‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় খালেদা জিয়ার বিরুদ্ধে গেলে তারা কি কি করবেন তা নিয়ে আস্ফালন করছে বিএনপি। তার মানে বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ তারা সবাই বুঝতে পারছেন খালেদা জিয়া ওই মামলায় দোষী। এ কারণে তার সাজা হবে।’
তিনি বলেন,‘বিএনপি যদি বুঝতেই পারে যে খালেদা জিয়ার সাজা হবে তাহলে আস্ফালন করে লাভ কি?
তিনি কর্মী সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে ও হুশিয়ারি উচ্চারণ করে বলেন,‘৮ ফেব্রুয়ারির রায় নিয়ে বিএনপি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়, তা হলে দেখিয়ে দেওয়া হবে। ’
দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি এখন অপ্রয়োজনীয় দলে পরিণত হয়েছে দাবি করে নানক ঘোষণা করে বলেন,‘বিএনপিকে আর কোনও বিষয়ে ছাড় দেওয়া হবে না। তারা যদি গাড়ি পোড়ায় তবে তাদেরও গাড়ি আছে। তারা যদি বাড়ি পোড়ায় তবে তাদেরও বাড়ি আছে। বিএনপি’র সব অপকর্মের সমুচিত জবাব দেওয়া হবে ’
জেলা আওয়ামী লীগ আয়োজিত এই কর্মী সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মমতাজ উদ্দিন।
আরও পড়ুন: রায় খালেদার বিপক্ষে গেলে সহিংসতার হুমকি দিচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী








