সাতক্ষীরা বাস টার্মিনালে হামলা চালিয়ে বাস মালিক সমিতির অফিস ভাঙচুর করেছে একদল শ্রমিক। এসময় তারা এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় এসব ঘটনা ঘটে।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) হারুন জানান, একদল শ্রমিক কোনও কারণ ছাড়াই বাস টার্মিনালের একটি কক্ষ ভাঙচুর করেছে। এসময় শ্রমিকরা বাস মালিক সমিতির কর্মকর্তা জেলা আওয়ামী লীগ নেতা আসাদুল হককে তার কক্ষে অবরুদ্ধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসাদুলকে উদ্ধার করে । এছাড়া শ্রমিকদের হামলায় জিয়া নামের এক শ্রমিক আহত হয়েছেন, তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গতকাল বুধবার বাস টার্মিনালে একই ভাবে হামলা করে সাবেক সভাপতি সাইফুল করিম সাবু বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শেখ জামাল উদ্দিনকে মারধর করেন। এর প্রতিবাদে জেলার সব রুটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।








