“অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো”- এই স্লোগানকে সামনে রেখে মৌলবাদ, কুশিক্ষা, পশ্চাদমুখিতা আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী। সব অন্ধকারকে পরিহার করে আলোর পথে চলার দৃপ্ত শপথ নিয়ে বুধবার (২১ ফেব্রয়ারি) সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠ (কুরিরডোব মাঠে) লাখো মোমবাতি জ্বেলে এবারও ভাষা শহীদদের স্মরণ করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপনে এদিন সন্ধ্যার সঙ্গে সঙ্গে লাখো মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে। এর সঙ্গে ভাষা দিবসের ৬৭তম বার্ষিকীতে ৬৭টি ফানুষ ওড়ানো হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, একুশ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, একুশ উদ্যাপন পর্ষদের সদস্য সচিব নাট্যকর কচি খন্দকারসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া বিকালে আলোচনা, গণসঙ্গিত, আবৃতি, নান্দনিক পাঠ ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, নড়াইলে মোমবাতি প্রজ্জ্বালনের ব্যতিক্রমী এ আয়োজন ১৯৯৭ সালে সুলতান মঞ্চ চত্বরে প্রথম শুরু হয়।








