সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ১৪ দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান বলেন, ‘প্রকাশ্যে বুদ্ধিজীবী ড. জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা মৌলবাদি হোক আর অন্য যে কোনও অপশক্তি হোক, আমরা তাদের মোকাবেলা করবো। ’
মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর গিয়াসউদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা ইদ্রিস শেখ, শেখ বুলবুল ইসলাম বুলু, তাজুল ইসলাম কুটি, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়া দুপুরে নড়াইল আদালত সড়কেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে হামলার নেপথ্যে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নড়াইল জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, অ্যাডভেকেট খগেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। মানববন্ধনে ওয়ার্কার্স পার্টির দলীয় নেতাকর্মী, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।







