খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী করতে বর্তমান মেয়র মনিরুজ্জামান মনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকেই প্রধান করে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি এবং আসন্ন কেসিসি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সভা থেকে মূল দল, অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতাদের সমন্বয়ে ১০টি উপকমিটি গঠন করা হয়েছে।
সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ‘ইস্পাত কঠিন ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন ঘিরে সরকারের যে কোনও ‘ষড়যন্ত্র’ ও ‘অপতৎপরতা’ রুখে দাঁড়ানোর প্রস্ততি গ্রহণের আহ্বান জানানো হয়। বিএনপির পক্ষ থেকে থানা ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, শাহজালাল বাবলু, স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, ফখরুল ইসলাম, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু প্রমুখ। এছাড়া ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা আজ
কেসিসি নির্বাচনে সাধারণ ১০টি ওয়ার্ড এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে বিএনপির মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। চলে রাত ৮টা পর্যন্ত। সকালে সংরক্ষিত ১ থেকে ১০ নং ওয়ার্ডের দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক নারী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় ৩০ জন প্রার্থী মনোনয়ন বোর্ডে উপস্থিত হন। মধ্যাহ্ন বিরতির পর সাধারণ ওয়ার্ড ২১ থেকে ৩১ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ৪৮ জন প্রার্থী মনোনয়ন বোর্ডে অংশ নেন।
সাক্ষাৎকার গ্রহণ করেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, ফখরুল আলম ও অধ্যক্ষ তারিকুল ইসলাম। এ সময় সদর থানা বিএনপির সভাপতি জলিল খান কালাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু, সোনাডাঙ্গা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ এবং মহানগর মহিলা দলের সভাপতি রেহানা আক্তার ও সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা উপস্থিত ছিলেন।
এর আগে সাক্ষাৎকার গ্রহণের প্রথম দিন ২০ টি সাধারণ ওয়ার্ডে ৫৬ জন প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেন।
আরও পড়ুন-
মনোনয়ন না পেলেও ধানের শীষের পক্ষে কাজ করবেন মনি
খুলনায় মনোনয়নপত্র নিয়েই প্রচারণায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা








