পুলিশ ও ডিবি লেলিয়ে দিয়ে ধানের শীষের কর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন খুলনা সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘সিটি নির্বাচনকে প্রভাবিত করতে শাসক দলের প্রার্থী ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা বেপরোয়া আচরণ করছে। খোদ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য এসে খুলনার পুলিশ ও জনপ্রশাসনকে প্রভাবিত করেছে। কিন্ত, জনগণ এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা পরিবর্তন চায়। তারা ব্যালটের মাধ্যমে এই সরকারের দুঃশাসন ও লুটপাটের জবাব দিতে চায়।’
শনিবার (৫ মে) নজরুল ইসলাম মঞ্জু ৩০ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে নাগরিকদের উদ্দেশে এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৫ মে হবে একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার ও গণতন্ত্রের বিজয়ের দিন।’ দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ৭শ নয়, সাড়ে ৯৫ কোটি টাকা পেয়েছি: মনি
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রূপসা নদীর তীরে পাইকারি মাছ বাজারে গণসংযোগ করেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘মেয়র নির্বাচিত হলে নগরীর বাজারঘাটের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে নানামুখি পদক্ষেপ নেওয়া হবে। সকালে তিনি পাইকারি মাছ বাজারে গণসংযোগ শেষ করে রূপসা ফেরীঘাট, রূপসা স্ট্যান্ড রোড, রূপসা শ্মশান রোড ও সংলগ্ন জনবসতি এলাকায় বসবাসকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং নির্বাচনে ভোট চান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী বজলার রহমান, মোল্লা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, বাগেরহাট জামায়াতের নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ আলম, বিএনপি নেতা কাউন্সিলর প্রার্থী আমানউল্লাহ আমান প্রমুখ।








