দেশের জনগণের ওপর আস্থা রাখতে না পেরে বিএনপি বিদেশি পর্যবেক্ষক চাইছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে, এজন্য সাধারণ মানুষের ওপর তাদের আস্থা নেই। বিদেশি পর্যবেক্ষক দাবি করে বিএনপি আবারও সিটি নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।’
শুক্রবার (১১ মে) সকালে তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও একাধিক পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। জেলা যুবলীগের দফতর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: পুলিশ লেলিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে চায় আ.লীগ: মঞ্জু
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘খুলনা সিটিতে দীর্ঘদিন বিএনপির মেয়র থেকেও নগরীর উন্নয়ন করতে পারেনি। জনগণ এবারের নির্বাচনে বিএনপির চলমান মিথ্যাচার, অপকৌশল ও দুর্নীতির জবাব দেবে। খুলনার সার্বিক পরিস্থিতি বুঝতে পেরে বিএনপি নিত্য-নতুন বিভ্রান্তি সৃষ্টি করছে।’ তারা যেকোনও মূল্যে সিটি নির্বাচনকে বিতর্কিত করতে চায় বলে জানান মেয়র প্রার্থী খালেক।
সকাল সাড়ে ৮টায় তিনি খলিল চেম্বার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এরপর তিনি গোবরচাকা, তেঁতুল তলা, স্টাফ কোয়ার্টার, পল্লী মঙ্গল, পৈপাড়া, বিসমিল্লাহ মহল্লা, বি কে রায় রোড সংলগ্ন এলাকায় ভোটারদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। এসময় শত শত লোক মেয়র প্রার্থী তালুকদার খালেকের গণসংযোগে অংশ নেন। বিকালে তিনি ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।








