খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ কাজ করেছেন বলে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনা ঘটেছে খুলনা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের ২০৫ নম্বর ভোটকেন্দ্র সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের ভোটকক্ষে বসে সিগারেট খেতে দেখা যায়। পরে গণমাধ্যম কর্মীদের দেখে তারা কেন্দ্র থেকে বের হয়ে যান।
কেন্দ্রের দায়িত্বে থাকা নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য বলেন, ‘সব দেখছি, করার কিছু নেই।’
সোনাপোতা সরকারি প্রাথমিক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান বলেন,‘আমি কিছু বলতে পারবো না। আপনারা তো দেখতে পাচ্ছেন।’
নাম প্রকাশে অনিচ্ছু এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সকাল থেকে এই কেন্দ্রে আছি। বেলা ১২টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় তারা ফিরে যায়। কিছু সময় পরে তারা এসে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেয়।’
ঢাকা থেকে আসা একটি জাতীয় পত্রিকার সাংবাদিককেও ২৪নং ওয়ার্ড নৌকা প্রার্থীর সমর্থকরা জালভোট দিতে অনুরোধ জানান। নাম প্রকাশ না করার শর্তে ওই সাংবাদিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
আরও পড়ুন-
২২ নম্বর ওয়ার্ডে ভোট বাতিলের আবেদন
‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে...বাড়ি যান’ (ভিডিও)
ব্যালট ছিনতাই, ইকবালনগর কেন্দ্রের ভোট বাতিল (ভিডিও)
কেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ (ভিডিও)
ইভিএমে নারীরা খুশি, পুরুষরা নাখোশ
ভ্যানে চড়ে ভোট দিতে এলেন হানিফ
বাড়ছে ভোটাদের উপস্থিতি, নারীরাই বেশি







