যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়েছে বলে পুলিশের দাবি। মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, নিহতদের মধ্যে একজন বেনাপোলের ভবেরবেড় গ্রামের মাজহারুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩৫)। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। অপরজনের পরিচয় জানা যায়নি।
ওসি অপূর্ব হাসান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানতে পারে— বড়আঁচড়া গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া ১০ কেজি গাঁজা, একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, মরদেহ সরাসরি মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
‘বন্দুকযুদ্ধে’ নেত্রকোনার মাদক ব্যবসায়ী কক্সবাজারে নিহত
কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত মাদক ব্যবসায়ী নিহত








