চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে শেরেগুল (৬৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ জুলাই)দুপুরে হামলার শিকার শেরেগুল বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক কর হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাজরাহাটি গ্রামে শেরেগুলের সঙ্গে তার ফুফাতো ভাইয়ের ছেলে আরিফের জমিজমা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আরিফ তার লোকজন নিয়ে শেরেগুলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার খানম জানান,কৃষক শেরেগুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে বিকালে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে। তাদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।







