মেহেরপুর ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন- এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলায় ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। ট্রাফিক সপ্তাহের দুই দিন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক মামলা ও ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মোটরসাইকেল ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ইনসুরেন্সের কাগজপত্র যাচাই-বাছাই শেষে মামলাসহ ওইগুলো জব্দ করা হয়। ট্রাফিক পুলিশের এ অভিযানে মেহেরপুরের রোভার স্কাউটস সদস্যরা তাদের সহযোগীতা করছে।
পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মুজতবা জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলায় ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গতিতে গাড়িচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর-৩ মনির হোসেন, সার্জেন্ট নাজমুল হাসান ও টিপু সুলতানসহ বিভিন্ন কলেজের রোভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ট্রাফিক পুলিশ ও স্কাউটস সদস্যদের সহায়তা নিয়ে যানবাহন চালকদের বিভিন্ন বিষয়ে সতর্ক করাসহ পরামর্শ দেওয়া হয়।







