সরকারি ওষুধ চুরি ও ঘুষ নেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় খুলনায় চিকিৎসক ও প্রকৌশলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ আগস্ট) সরকারি ওষুধ চুরি মামলায় আবু নাসের হাসপাতালের চিকিৎসক ডা. অলোক কুমার মণ্ডল মহানগর দায়রা জজ আদালতে এবং ঘুষ গ্রহণের মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী জিএম সলিমুল্লাহ বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
দুদকের পিপি খন্দকার মজিবর রহমান বলেন, ‘২০১৭ সালে আবু নাসের হাসপাতালে সরকারি ওষুধ চুরির মামলায় গত ২ আগস্ট ফার্মেসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. অলোক কুমার মণ্ডল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠান। একইভাবে ২০১৪ সালে কয়রা এলজিইডিতে কমর্ররত অবস্থায় ঘুষ গ্রহণের মামলায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জিএম সলিমুল্লাহকে গত ৮ আগস্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকেও কারাগারে পাঠান।








