খুলনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন মেয়র ও স্থানীয় সংসদ সদস্যরা। সকালে ঈদের নামাজ শেষে তারা কোরবানি দেন। এরপর মাংস বিতরণ করেন। এছাড়া আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন।
সকালে সার্কিট হাউসে ঈদের জামাত শেষে টুটপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন খুলনা-২ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এরপর বাসায় ফিরে কোরবারি করেন। এছাড়া দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি অসুস্থ ও দরিদ্র নেতাকর্মীদের ব্যাপারে খোঁজ খবর নেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক নিজ গ্রাম রামপালে ঈদের জামাতে অংশ নেন। সেখানে কোরবানি করার পর দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি খুলনার বাড়িতে ফিরেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দৌলতপুরের বাড়িতে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পালন করেন। সকালে নিজ বাসভবনে পশু কোরবানি শেষে এতিম ও দুঃস্থদের মাঝে মাংস বিতরণ করেন। এছাড়া দিন ভর বাসভবনে দলীয় নেতাকর্মী ও শুভনুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছ বিনিময় করেন।
খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সকালে সার্কিট হাউস ময়দানে ঈদের জামাতে অংশ নেন। এরপর নিজ বাড়িতে কোরবানি করেন। তিনি সারা দিন নিজ বাড়িতে আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ সার্কিট হাউজে ঈদের জামাতে অংশ নেন। এরপর তিনি বাসায় ফিরে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে কোরবানি করেন। দিনভর তিনি নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সকালে সার্কিট হাউস ময়দানে ঈদের নামাজ পড়েন। এরপর নিজ বাড়িতে ফিরে কোরবানি করেন তিনি। দিনভর তিনি দলীয় নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে সময় কাটান।
কেন্দ্রীয় আওয়ামী লীগ নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন ঈদের নামাজ শেষে বানরগাতিতে নিজ বাড়িতে কোরবানি করেন। তিনি নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।








