খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ১৪ সেপ্টেম্বর। এ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোড়ল আনিসুর রহমান জানান, নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন ও যুগ্ম-সম্পাদক পদে ২ জনসহ ৭৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে। ১৪ সেপ্টেম্বর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারের সংখ্যা ৭ হাজার ৯৭৭ জন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে অংশ নিচ্ছেন বর্তমান কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন মৃধা, ইলিয়াছ হোসেন সোহেল ও কাজী নুরুল ইসলাম বেবী, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির জাকির হোসেন বিপ্লব ও আলী আহম্মদ, কার্যকরী সভাপতি পদে আব্দুল আলীম ও বাবুল মাতুব্বর। যুগ্ম-সম্পাদক পদে কাজী শহিদুল ইসলাম ও জাহিদ হোসেন খান।
উল্লেখ্য, ২৫টি পদ হচ্ছে সভাপতি একটি, কার্যকরী সভাপতি একটি, সহ-সভাপতি ৩টি, সাধারণ সম্পাদক একটি, যুগ্ম-সম্পাদক একটি, সহ-সাধারণ সম্পাদক ৩টি, সাংগঠনিক ৩টি, কোষাধ্যক্ষ একটি, প্রচার সম্পাদক একটি, ক্রীড়া সম্পাদক একটি, লাইন সম্পাদক একটি ও কার্যকরী সদস্য ৬টি। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোড়ল আনিসুর রহমান এবং সদস্য কাজী এনায়েত হোসেন, আবুল কালাম আজাদ কামাল ও আলী আকবর টিপু।








