বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক মোকলেছুর রহমান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার একটি বাড়ি থেকে পিবিআইয়ের একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের আব্দুল ওয়াহেদ হাওলাদারের দুই ছেলে খলিল হাওলাদার (৪৫) ও ইসরাফিল হাওলাদার (৪৫) এবং একই গ্রামের জলিল হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২২)। এর মধ্যে খলিল ও তার ভাই ইসরাফিল মামলার এজাহারভুক্ত আসামি এবং হাসান সন্দেহভাজন আসামি।
গত ১৭ জুন মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের কৃষক মোকলেছুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার দু’দিনপর ১৯ জুন নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮/৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। কৃষক মোকলেছুর রহমান হত্যার আড়াই মাস পার হলেও কোনও আসামি গ্রেফতার না হওয়া গত ২৫ আগস্ট এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক এই প্রতিবেদককে বলেন,‘গত ৩ জুলাই মোরেলগঞ্জের কৃষক মোকলেছুর রহমান হত্যা মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হয়। পিবিআই মামলাটির তদন্ত শুরু করলে এ হত্যার ঘটনায় জড়িত আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পিবিআই এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরসহ তিনজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








