ঝিনাইদহ সদরের বংকিরা গ্রামে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে শফিউদ্দিন ওরফে মনা (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শফিউদ্দিন চোরকোল গ্রামের সুবারেক মন্ডলের ছেলে।
ওসি এমদাদুল হক শেখ জানান, বংকিরা গ্রামের মাঠে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে সেখান থেকে শফি উদ্দিন নামে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ২ টি বোমা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।








