চুয়াডাঙ্গার দামুড়হুদার পীরপুর কুল্লায় দুর্বৃত্তের বোমা হামলায় কামাল উদ্দীন ওরফে কালু (৩৩) নামে এক তরুণ নিহত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দীন উপজেলার পীরপুর গ্রামের কিতাব আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে কামাল উদ্দীন ওরফে কালু পাশের মাঠ থেকে বাড়ি ফেরার পথে নিজ গ্রামের জিন্নাত আলীর বাড়িতে পৌঁছায়। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছুড়ে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান, দামুড়হুদা থানার ওসি শুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা হামলায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে।
দামুড়হুদা থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ও মামলার তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ আসামি দের ধরতে তৎপর রয়েছে।







