সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মামুন (৩০)। তার বাড়ি বাগেরহাটের মোংলায়। সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম প্রদেশের নারিয়া এলাকায় ব্যক্তিগত গাড়ি চালানোর সময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা যায়। বুধবার (৩১ অক্টোবর) সকালে মামুনের স্বজনরা বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন।
নিহত হাওলাদার আল মামুন বাগেরহাট জেলার মোংলা পৌরসভার মিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিম হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
নিহত মামুনের বাবা সেলিম হাওলাদার জানান, ১৪ মাস আগে তার ছেলে সৌদি আরবে যান। সেখানে গাড়ি চালানো শিখে নিজেই ভাড়ায় প্রাইভেট কার চালাতো। গত সোমবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে খোঁজ নিলে তার মৃত্যুর খবর পাওয়া যায়। দূতাবাসের বরাত দিয়ে মামুনের বাবা সেলিম আরও বলেন, তার ছেলে দাম্মাম প্রদেশের নারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায়।
মরদেহ বাংলাদেশে নিয়ে আসতে তার স্বজনরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ছেলেকে শেষবারের মত একবার হলেও দেখে নিজ মাটিতেই দাফনের আকুতি জানান তারা।
মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইএনও) মো. রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মরদেহ বাংলাদেশে নিয়ে আসতে বৈদেশিক ও প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, এ ব্যাপারে অফিসিয়াল চিঠিও পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারি সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে বলেও তিনি জানান তিনি।








