নির্বাচন কিছুতেই কোনও দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল শেষে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন কোনও সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আনার কৌশল হতে পারে না। নির্বাচন কোনও জঙ্গিগোষ্ঠী, সাজাপ্রাপ্ত অপরাধী, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠিত করার কৌশল হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নেতারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে, বানচাল করতে এবং আদালতকে প্রশ্নবিদ্ধ করতে নানা মিথ্যা অভিযোগ করছে। তাদের এসব থেকে বিরত থাকা উচিত।’
এসময় আরও উপস্থিত ছিলেন– জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সভাপতি আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি প্রমুখ।







