ঝিনাইদহের চার সংসদীয় আসনে বিএনপি থেকে ৮ প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। প্রতি আসনে দুই জনকে প্রার্থী করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি মনোনীত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
শৈলকুপা উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-১ (জাতীয় সংসদের ৮১ নম্বর) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান আসাদ ও বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এ আসনে শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
সদর উপজেলার ১৩টি, হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ মজিদ এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সভাপতি এস এম মশিউর রহমান। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন চার বারের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু ও ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ)।
কোটচাঁদপুর উপজেলার পাঁচটি, মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসনে সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি এবং বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান মনোনয়ন পেয়েছেন।
এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, মহেশপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা লতিফুর রহমান চৌধুরী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম খাঁন চুন্নু, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাহউদ্দীন বুলবুল সিডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, কোটচাঁদপুর উপজেলা যুবদল নেতা হায়দার আলী, মহেশপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি দবির হোসন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, মহেশপুর বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জামান মোহন ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুল হক বাবুও মনোনয়ন চেয়েছিলেন।
কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, সদর উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সম্পাদক সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু।
এ আসন থেকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হামিদুর রহমান হামিদ, কেন্দ্রীয় বিএনপির নেতা হারুন অর রশিদ মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম নাজিম মাহমুদ, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু মনোনয়নপ্রত্যাশী ছিলেন।








