খুলনায় নিজের বাসায় সন্ত্রাসীর গুলিতে আহত হওয়া মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা ব্যাংক কর্মকর্তা প্রভাস কুমার দত্ত এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল শুক্রবার (৩০ নভেম্বর) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। আজ জ্ঞান ফেরার পর তিনি কথা বলেছেন। প্রভাষের শ্যালক ড. বিশ্বজিত চন্দ্র এসব তথ্য জানিয়েছেন।
ড. বিশ্বজিত চন্দ্র বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর বকশিপাড়ায় নিজ বাসায় দুর্বৃত্তদের ছোড়া গুলি তার (প্রভাস কুমার দত্ত) পেটের ডানপাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে তার দেহে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তার জ্ঞান ফিরেছে। তিনি কথা বলতে পারছেন। তবে তাকে কথা বলতে নিষেধ করেছেন ডাক্তাররা।’
তিনি আরও বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য প্রভাষকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা হয়েছিল। কিন্তু তার চিকিৎসার প্রয়োজনীয় সব সেবা খুলনায় থাকার কারণে আপাতত ঢাকায় নেওয়া হচ্ছে না। অপারেশনের পর তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়েছিল। তবে অক্সিজেন দেওয়ার পর সে সমস্যার সমাধান হয়েছে।’
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বকশিপাড়ার বাসার কলিংবেলের শব্দ শুনে প্রভাষ দরজা খুলেন। এরপরই মুখোশধারী এক সন্ত্রাসী প্রভাষকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একইসঙ্গে সন্ত্রাসীকে গ্রেফতারে এলাকায় টহল জোরদার করা হয়।’
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শনিবার পর্যন্ত কোনও অভিযোগ দেওয়া হয়নি। তবে গুলিবিদ্ধ প্রভাষ সুস্থ হওয়ার পর এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, শনিবার সকালে মৎস্যমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে গুলিবিদ্ধ প্রভাষকে দেখতে যান।







