হলফনামায় স্বাক্ষর না থাকা ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে জাকের পাটি, মুসলিম লীগ ও জামায়াতের প্রার্থীসহ চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই এর দিন প্রার্থীদের উপস্থিতিতে তাদের মনোনয়ন বাতিল করেন জেলা রিটানিং অফিসার গোপাল চন্দ্র দাস।
মনোনয়নপত্র যাচাই বাছাই এর দিনে সকাল ৯টার আগেই চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে মনোনয়ণপত্র জমা দেওয়া প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে হাজির হন জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে। সকাল সাড়ে ৯টায় জেলা রিটানিং অফিসার গোপাল চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা-১ আসনে জমা পড়া ১১ জনের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। এ সময় হলফনামায় নিজের স্বাক্ষর না থাকায় জাকের পাটির প্রার্থী আলমাছ হোসেন ও মুসলিম লীগ প্রার্থী মেরিনা আক্তারের মনোনয়নপত্র বাতিল করেছেন।
পরে বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-২ আসনে জমা পড়া ৭ জনের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা শুরু করেন জেলা রিটানিং অফিসার। এ আসনে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা রুহুল আমিন ও স্বতন্ত্র প্রার্থী নুর হাকিমের মনোনয়নপত্র বাতিল করেন। স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের দুইজনের মনোনয়নও বাতিল করা হয়েছে।
যাচাই বাছাই শেষে জেলা রিটানিং অফিসার গোপাল চন্দ্র দাস জানান, হলফনামাসহ কাগজপত্রে ত্রুটি থাকায় দুটি সংসদীয় আসনে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা চাইলে কমিশন বরাবর আপিল করতে পারবেন।
মনোনয়ন বাতিল হওয়ার পর তাৎক্ষাণিক প্রতিক্রিয়ায় জামায়াত সমর্থিত স্বতন্ত্র পার্থী মওলানা রুহুল আমিন মুসলিম লীগের মনোনীত মেরিনা আক্তার ও অপর স্বতন্ত্র প্রার্থী নুর হাকিম আপিল করবেন বলে জানিয়েছেন।








