মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল সালাম বাঁধনসহ ছাত্রলীগের চারজনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় আহত হয়েছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, পুলিশ লাইনের কনস্টেবল মো. রনি (২৬) ও মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার স্কুল ছাত্র সুরুজ আলী (১৫)।
ওসিকে প্রাথমিক চিকিৎসা এবং রনি ও সুরুজকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক অন্য ছাত্রলীগ কর্মীরা হলো ইব্রাহীম (১৭), শিশির (১৮) ও আশিক (১৬)।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিুর রহমান জানান, রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানস্থলে ইব্রাহিম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী শহরের ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিল। এসময় পুলিশ সদস্যরা মারধর থামাতে অনুরোধ করে ব্যর্থ হয়ে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেনকে আটক করে। এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মী ইব্রাহিমকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা ওসিকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান,‘ঘটনাস্থল থেকে জেলা ছাত্রলীগের সভাপতিসহ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আটককৃতদের নামে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।








