মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল সালাম বাধনসহ চার জনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মেহেরপুর জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান,‘সরকারি কাজে বাধা দান ও পুলিশকে নির্যাতনের অপরাধে রবিবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মেহেরপুর সদর থানার এসআই আব্দুল আলিম বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে। মামলায় এস আই রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলায় আব্দুস সালাম বাঁধন, ইব্রাহীম, শিশির ও আশিককে আটক দেখানো হয়েছে। বাকি সব আসামি পলাতক রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার বিবরণ দিয়ে আরও জানান,‘রবিবার বেলা এগারটার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন নামে এক ছাত্রলীগ কর্মী ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিল। এসময় পুলিশ সদস্যরা মারধর থামাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেনকে আটক করে। এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মী ইব্রাহিমকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের ধাক্কায় ওসিসহ তিন পুলিশ আহত হয়েছে।








