নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। শুক্রবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে তারা এমন নির্দেশনা দেন। সভায় বিপুল ভোটের ব্যবধানে মাশরাফিকে জয়ী করতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মাশরাফির জন্য ভোট প্রার্থনার আহ্বান জানানো হয়।
আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. পলাশ মোল্যার আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, আওয়ামী লীগ নেতা লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মো. মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।
বক্তারা বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছে। বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারা দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ নেতারা।
নির্বাচনি জনসভাকে ঘিরে আউড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিলসহ সমাবেশে যোগদান করেন। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







