মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গাংনী হাসপাতালের পিছনের তার বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে জানান তার স্ত্রী তোজবিরা জামান। বোমা হামলায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
তোজবিরা জামান জানান, বাড়ির মূল গেট তালাবদ্ধ থাকায় কে বা কারা আমার স্বামী বাসায় আছে কিনা জানতে চাওয়ার পরপরই দুটি বোমা ছুড়লে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, রাজনৈতিক কারণে বেশ কিছুদিন ধরে আসাদুজ্জামান বাবলু বাড়িতে থাকেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা বিস্ফোরণের পর স্থানীয় লোকজন বাড়ির ভিতর প্রবেশ করে বেশকিছু কাচের মার্বেল দেখতে পায়।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত করা বলা যাবে ঘটনার সঙ্গে কারা জড়িত।








