ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রাম থেকে দুই হাজার বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) ভোরে ওই গ্রামের খলিলুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
আটক তিনজন হলো— মহেশপুরের কাজির বেড় গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাইমেন (২৫), সামন্তা গ্রামের মিজানুর রহমানের ছেলে তুষার হোসেন (১৬) ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুমলিরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সুমন মিয়া (৩০)। তবে অভিযানকালে খলিলুর রহমান ও কবির হোসেন নামে দুজন পালিয়ে যায়।
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সামন্তা গ্রামের খলিলুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ গোপন সূত্রে খবর পায়, ভারত থেকে আনা বিপুল পরিমাণ ফেনসিডিল তার বাড়িতে মজুত রাখা হয়েছে। এই ফেনসিডিল ট্রাকে ঢাকায় পাঠানো হবে। পুলিশের একটি দল আজ ভোরে ওই বাড়িতে অভিযানে যায়। বসতঘরের ভিতর থেকে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। বাড়ির মালিক খলিলুর রহমান ও তার সঙ্গী কবির হোসেন পালিয়ে যায়। এ সময় ফেনসিডিল বহনের জন্য রাখা একটি মিনি ট্রাক জব্দ করা হয়।








