ঝিনাইদহের মহেশপুরে মা ও নানিকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোরে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, অভিযুক্ত ইমরান কুষ্টিয়ার বটতৈল এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বটতৈল এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়। তবে কী কারণে সে মা ও নানিকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গভীর রাতে নিজ ঘরে মা মর্জিনা খাতুন ও নানি শাসুন্নাহারকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ইমরান পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। সেখান থেকে আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন শুক্রবার রাতে নিহত মর্জিনা খাতুনের ভাই বাদী হয়ে ইমরানকে আসামি করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।








