মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান রাজিবের বিরুদ্ধে সরকারি ঘর বরাদ্দের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগে উঠেছে। এ নিয়ে স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইউনিয়নের বাহরবাগ বাজারে এলাকাবাসী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
স্থানীয় বাসিন্দা বখতিয়ার হোসেন, তরিকুল ইসলাম, লিটন হোসেন, মিন্টু মিয়াসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নেই প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান রাজিব।
বখতিয়ার রহমান বলেন, ছয় জনের ঘর বাবদ চেয়ারম্যান তার কাছ থেকে ৯৫ হাজার টাকা নিয়েছেন। অন্যদিকে লিটন, মিন্টু ও তরিকুল জানান, তাদের প্রত্যেকের কাছ থেকে চেয়ারম্যান ১৫ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন।
তবে চেয়ারম্যানকে টাকা দিয়েও এলাকার অনেকেই ঘর পাননি বলে অভিযোগ রয়েছে। যারা বেশি টাকা দিয়েছে তারাই ঘরের বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে এবং বিভিন্ন সময় চেয়ারম্যান রাজিব ও তার বাবা বাশি মিয়ার নানা অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষ এ বিক্ষোভ সমাবেশ করেন।
চেয়ারম্যান রাজিবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো কাছ থেকে ঘুষ নেইনি। প্রতিপক্ষ একটি গ্রুপ আমার ইমেজ নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি অফিসারদের দিয়ে নাম তালিকাভুক্ত করেছেন। এ জন্য এলাকাবাসীকে বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে কাউকে যেন কোনও টাকা না দেওয়া হয়। তবে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।








