মাগুরা শহরের কাউন্সিলপাড়া এলাকায় ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় জিডি করেছেন বাবা। ছেলে ফেরদৌস রেজা তুর্কিকে ভুয়া সাংবাদিক উল্লেখ করে জিডিতে নিজের ও পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
তুর্কির বাবা আব্দুল হক জিডিতে উল্লেখ করেন, ছেলে ফেরদৌস রেজা বেশ কিছুদিন ধরে সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। কয়েকদিন আগে সে বাবা-মাসহ আত্মীয়দের লোহার রড দিয়ে মারপিট করতে উদ্যত হয়। তার দাবিমতো বাড়ি লিখে না দিলে বাবা আব্দুল হক, মা নুর নাহার বেগমসহ সবাইকে খুন-জখমের হুমকি দিয়েছে। এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে গত ৯ মে থানায় জিডি করেছেন আব্দুল হক।
আব্দুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছেলের অত্যাচারে আমি অতিষ্ঠ। ওকে আমি ত্যাজ্যপুক্র করবো।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘তুর্কির বিরুদ্ধে তার বাবা আব্দুল হক নিজে লিখিত অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে সব অভিযোগই আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবো।’
উল্লেখ্য, সম্প্রতি একটি নামসর্বস্ব অনলাইন পত্রিকার কার্ড দেখিয়ে শহরের কয়েকটি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে যাওয়ার অভিযোগ ওঠে ফেরদৌস রেজা তুর্কির বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিলে ফেরদৌস রেজার বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন জেলার সিনিয়র একজন সাংবাদিক। সম্প্রতি গাঢাকা দিয়েছে ফেরদৌস রেজা তুর্কি।








