বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসেই জাতিকে কলঙ্কমুক্ত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছে। খুনিদের কয়েকজন এখনও বিদেশে পালিয়ে রয়েছে। তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। বঙ্গবন্ধু ছিলেন জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নেতা। তাকে নিয়ে দ্বিধাবিভক্তির কোনও সুযোগ নেই।’
যশোরে বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় কাজী নাবিল আহমেদ এসব কথা বলেন। সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন এই আলোচনা সভার অয়োজন করে। তার আগে যশোর কালেক্টরেট চত্বর থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়।
এর আগে সকালে শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় শ্রমিক লীগনেতা সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, জেলা আওয়ামী লীগনেতা ফারুক আহমেদ কচি, কাজী আব্দুস সবুর হেলাল, সুখেন মজুমদার, সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, শ্রমিক লীগের সেক্রেটারি নাছির উদ্দিন, যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, মঈনুদ্দিন মিঠু, মাহমুদ হাসান মিলু, অশোক বোসসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। এর আগে জেলা প্রশাসক বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তখন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব যশোর, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করে।







