অস্ত্র ও পর্নোগ্রাফির তিনটি মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকসহ তিন জনকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক রেজওয়ানুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আসামিদের অস্ত্র মামলায় দুইদিন এবং পর্নোগ্রাফির দুটি মামলায় একদিন করে মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সাদিক ছাড়া এসব মামলার অপর দুই আসামি হলো জয়যাত্রার বিশেষ প্রতিনিধি আকাশ ইসলাম ও পিচ্চি রাসেল।
কোর্ট পরিদর্শক অমল কুমার রায় জানান, সাতক্ষীরা সদর থানায় দুই জন জনপ্রতিনিধির দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের দুটি মামলা ও ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলামের দায়ের করা একটি অস্ত্র মামলায় ৭দিন করে রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকের দুই সহযোগী সাইফুল ও দ্বীপ গত ৩০ নভেম্বর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ঘটনায় সাদিকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়। এছাড়া গত গত ১৫ ডিসেম্বর জেলার দুই জনপ্রতিনিধি বাদী হয়ে সাবেক ছাত্রলীগ নেতা সাদিক, সাংবাদিক আকাশ ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিসহ তার ৫ সহযোগীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে সদর থানায় দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় গত ১৭ ডিসেম্বর রাতে ঢাকা থেকে সাদিককে আটক করে পুলিশ।







