যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ একজন সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৯৬ হাজার টাকা। আটককৃত পাচারকারীর নাম জিহাদ হোসেন (২৪)। সে সাদিপুর গ্রামের তাহাজ্জত ফকিরের ছেলে।
বুধবার (৫ ফেব্রুয়ারি ) দুপুরে শার্শা উপজেলার কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদ ছিল একজন পাচারকারী বিপুল পরিমাণ সোনা যশোর থেকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে নিয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে কাশিপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় জিহাদকে সোনাসহ আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় পুলিশের কাছে পাঠানো হয়েছে।








