খুলনার দিঘলিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে রূপসায় ৬০ বছরের ও লবণচরায় ৭০ বছরের দুই বৃদ্ধা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম জানান, ডায়রিয়া, অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে বৃদ্ধ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন। এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। তার বাড়ি দিঘলিয়া উপজেলা সদরের খেজুরবাগান এলাকায়।
প্রসঙ্গত, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু যায়। তারপর থেকে ২ মে পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। তিনিই খুলনায় করোনায় মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি। আর খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে তিন জন চিকিৎসক, একজন নার্স ও তিন জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। করোনা আক্রান্ত তিন জন চিকিৎসককে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।







