করোনাকালে পোশাক কারখানা, শপিং মল ও উপাসনালয় খুলে দেওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। শনিবার (৯ এপ্রিল) দুপুরে ১২টার দিকে জেলা শহরের মুজিব সড়কে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে নেতারা বলেন, করোনাভাইরাসের এই দুঃসময়ে জনসমাগম এড়ানো যেখানে জরুরি, সেখানে সরকার গার্মেন্টস ফ্যাক্টরি, শপিং মল, উপাসনালয় খুলে দিচ্ছে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত।
তারা এই সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি খাদ্য নিরাপত্তায় সেনাবাহিনী প্রদান, খাদ্য সহায়তাপ্রাপ্তদের তালিকা ওয়ার্ডভিত্তিক অনলাইনে প্রকাশ, কৃষকের কাছে থেকে সরাসরি ধান ক্রয়, লে অফ, শ্রমিক ছাটাই বন্ধ, শ্রমিকদের বকেয়া বেতন ঈদের আগে পরিশোধ, করোনাসহ সব রোগের চিকিৎসা নিশ্চিত, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা কোনোভাবেই যেন বন্ধ করা না হয়—এ সব দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সদস্য সখিনা বেগম দিপ্তী, আলাউদ্দিন, হাবিবুর রহমান মোহন, যুবনেতা শেখ আলাউদ্দিন, মাসুদুর রহমান, শ্রমিক নেতা হাফিজুর রহমান প্রমুখ।








