ঝিনইদহের কালীগঞ্জে ৫০০ বছরের পুরাতন একটি তেঁতুল গাছ বাঁচাতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জানাগেছে, বাজারের উন্নয়ন কাজ এবং ঝুঁকিপূর্ণ উল্লেখ করে গাছটি কাটার পাঁয়তারা করেছে একটি মহল।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে মানববন্ধন করে গ্রীন ভয়েস, আদর্শ ছাত্র সমাজ, বালিয়াডাঙ্গা ছাত্র যুবসমাজ ও ঐতিহ্যবাহী সম্পদ রক্ষাকারী কমিটি, স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন, বালিয়াডাঙ্গা গ্রামবাসীসহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, গত ২২ জুন গাছটিকে বিপজ্জনক দেখিয়ে কাটার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের ৭ নম্বর ইউপি সদস্য আনোয়ার হোসেন ও ৮ নম্বর ইউপি সদস্য কে. এম শামছুল হক। এই আবেদনপত্রে জোর সুপারিশ করেন ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সানা।
ওই ঘটনার পরেই প্রতিবাদ করে স্থানীয় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। ওই গ্রামের বৃদ্ধ আব্দুল মান্নান (৬০) জানান, সম্প্রতি আম্পানে তেঁতুল গাছটির একটি ছোট ডালও ভেঙে পড়েনি। গাছের কোনও শুকনা ডালও নেই। এই গাছের ডাল ভেঙে কোনও ব্যক্তির হতাহতের ঘটনাও কখনো শুনিনি। কিন্তু গাছটিকে ঝুঁকিপূর্ণ বলে কাটার চেষ্টা করা হচ্ছে। গাছটি বাজারের ঐতিহ্য, এটিকে কেন্দ্র করেই বাজারের সবকিছু গড়ে উঠেছে।
স্থানীয়রা জানায়, বালিয়াডাঙ্গা বাজারের মাঝখানে গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই গাছের ছাঁয়ায় প্রতিবছর বৈশাখী মেলা বসে। গাছটিতে প্রচুর পরিমাণে তেঁতুল হয়। সেই তেঁতুল বিক্রি করা টাকা জমা দেওয়া হয় স্থানীয় মসজিদের উন্নয়ন কাজে। বিশাল গাছটি বিভিন্ন প্রজাতির পাখিদের আশ্রয়স্থলও বটে।
এই ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, স্থানীয়রা না চাইলে গাছটি বাঁচিয়ে হাটের কাজ করা হবে।







