শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর ইছাপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল গফুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন এক ছাত্রী। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানি করেন মাদ্রাসার সহকারী সুপার। ছাত্রীটি কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার বাবাকে সব খুলে বলেন। পরে ছাত্রীর বাবা ও গ্রামবাসী আব্দুল গফুরের কাছে ঘটনাটি জানতে গিয়ে দেখেন তিনি আগেই পালিয়ে গেছেন। আগেও তিনি কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ আছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে এ বিষয়ে গ্রাম্য সালিশ বসবে বলে জানায় গ্রামবাসী। তবে এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মুখ খুলছে না। স্থানীয়দের অভিযোগ, একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে।
ইছাপুর গোপালপুর গ্রামের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, মাদ্রাসা সুপার কর্তৃক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা সত্য। পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আমরা অভিযোগটি পেয়েছি। থানার ওসিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ব্যবস্থা নিতে বলেছেন।








