যশোরের বাঘারপাড়া উপজেলার কেষ্টপুর এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ট্রাকটির চালক ও হেলপার আহত হন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন এ তথ্য জানান।
ওসি বলেন, ‘ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, যশোর শহরের বেজপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে শামীম হোসেন (২৮) এবং বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার রমজান আলীর ছেলে শাওন হোসেন (২৫)।’
প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ও শাওন মোটরসাইকেলে যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। যশোর-মাগুরা সড়কের কেষ্টপুরে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন। এছাড়া ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্র্রাকের ভেতরেই ড্রাইভার আটকা পড়েন এবং হেলপার সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন।
খাজুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জুম্মান খান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতদের উদ্ধার করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আহত ট্রাক ড্রাইভারকে উদ্ধার করা হয়। আহত ড্রাইভার ফজলুর রহমান (৬০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মঙ্গলসেন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।







