পটুয়াখালীতে যৌতুক হিসাবে শাশুড়ির পেনশনের ১০ লাখ টাকা না দেওয়ায় স্কুলশিক্ষিকা স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বামী রফিকুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় এ ঘটনার ঘটে। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষিকা মেহেরিন সুলতানা দুলারীকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত দুলারীর মা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা জেবুন নাহার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন । মামলার সূত্রে জানা যায়, দুলারীর সঙ্গে ২০০৩ সালে রফিকুল ইসলাম জুয়েলের পারিবারিকভাবে বিয়ে হয়। দুলারী শহরের লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে যোগ দেন। বাদী মামলার বিবরণে উল্লেখ করেন, ২০১৫ সালে তিনি চাকরি থেকে অবসরে গেলে তার পেনশনের টাকা থেকে ১০ লাখ টাকা দাবী করেন জামাই জুয়েল। প্রায়ই দুলারীকে ওই টাকা আদায়ের জন্য মারধর করতো। মঙ্গলবার রাতে যৌতুকের ১০ লাখ টাকা দেওয়ার দাবী জানায় জুয়েল। টাকা দিতে অস্বীকার করলে স্বামী জুয়েল লোহার রড দিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে তার মাথায় আঘাত করলে দুলারী রক্তাক্ত জখম হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, পুলিশ তদন্ত করেছে এবিষয় মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।








