ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানদপুর ইউনিয়নের চরপদাহ গ্রামে নিখোঁজের ৭ দিন পর রিপন হাসান (৩৫) নামর এক কৃষকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল তার বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন হাসান ওই গ্রামের মৃত বারিক বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের ডোবায় কৃষক রিপনের মাটিচাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মাটিচাপা দেওয়া অর্ধ-গলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠে ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন রিপন। এ ঘটনায় পরদিন নিহতের দুলাভাই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়রি করেন। কৃষক রিপন দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। ২ বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানা হয়েছে। হত্যার ক্লু উদঘাটন ও এর সঙ্গে জড়িতদর গ্রেফতারে কাজ চলছে। আশাকরি দ্রুত দোষীরা গ্রেফতার হবে।








